|
কোন সফট ছাড়াই সংগ্রহ করুন ফ্ল্যাশ ফাইল
মোজাম্মেল হোসেন ত্বোহা
বর্তমানে ওয়েব পেজে শকওয়েভ ফ্ল্যাশ অবজেক্টের ব্যবহার বেশ জনপ্রিয়। এর মাধ্যমে খুব সহজে খুব ছোট সাইজের ফাইল ব্যবহার করে ওয়েব পেজে চমত্কার এনিমেশন সৃষ্টি করা যায়। বাংলাদেশ ইনফো ডট কম প্রভৃতি দেশীয় ওয়েব পোর্টালে গেলেই এরকম চমত্কার কিছু ফ্ল্যাশ ফাইল দেখা যাবে। কিন্তু সমস্যা হল, এসব ফ্ল্যাশ ফাইল সাধারণ ভাবে সেভ করার কোন ব্যবস্থা নেই। রাইট ক্লিক করে তো এদেরকে সেভ করা যায়ই না, যে ওয়েব পেজে ফাইলগুলো থাকে, সেই ওয়েব পেজটি কম্পিউটারে সেভ করলেও এই ফাইলগুলো সেভ হয় না। তাই অনেকেই এসব ফ্ল্যাশ ফাইল সেভ করার জন্য ফ্ল্যাশ গেট, ফ্ল্যাশ ক্যাচার বা এই জাতীয় সফটওয়্যার গুলো পকেটে (!) নিয়ে ঘুরেন। কিন্তু আপনি কি জানেন, কোন সফটওয়্যার ছাড়াই খুব সহজেই এই ফ্ল্যাশ ফাইলগুলো সেভ করা যায়?
আমরা যখন ইন্টারনেটের মাধ্যমে কোন ওয়েব পেজ ব্রাউজ করি, তখন সেই ওয়েব পেজের অন্তর্ভুক্ত সকল ফাইল প্রাথমিক ভাবে কম্পিউটারের হার্ড ডিস্কের একটি টেম্পোরারী ফোল্ডারে ডাউনলোড হয়ে যায়। কাজেই কোন ফাইল, যেটা ওয়েব পেজে চালু হওয়ার সময় লোড হয় ঠিকই, কিন্তু সেভ করা যায় না, সেটা খুব সহজেই সেই ফোল্ডার থেকে সংগ্রহ করে নেওয়া যায়। আপনি নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ফোল্ডারটির ঠিকানা জানার জন্য? বলছি, অস্থির হওয়ার কোন কারণ নেই। ফোল্ডারটি হল - C:\Documents and Settings\Mozammel Hosain Toha\Local Settings\Temporary Internet Files.
এখানে Mozammel Hosain Toha এর পরিবর্তে আপনাকে আপনার ইউজার নেম লিখতে হবে। Local Settings ফোল্ডারটি সাধারণত হিডেন থাকে এবং এরফলে সাধারণ অবস্থায় এটি দেখা যায় না। ফোল্ডারটি দেখার জন্য প্রথমে যেকোন ফোল্ডারে গিয়ে Tools > Folder Options এর View ট্যাবের Hidden files and folders এর Show hidden files and folders অপশন বাটনে ক্লিক করে নিতে হবে। এই Temporary Internet Files ফোল্ডারটি ওপেন করলে সম্প্রতি লোড হওয়া ওয়েব পেজ সমূহের সবগুলো ফাইলের তালিকা দেখা যাবে। এই বিপুল পরিমাণ ফাইলের তালিকা থেকে ফ্ল্যাশ ফাইলগুলো সহজে খুঁজে বের করার জন্য Type এর উপর ক্লিক করুন। এরফলে সবগুলো ফাইল ধরন অনুযায়ী A থেকে Z ক্রমানুসারে সজ্জিত হয়ে যাবে। এখন আপনি খুব সহজেই এখান থেকে Shockwave Flash Object টাইপের ফাইল গুলোকে কপি করে নিতে পারবেন।
Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile : +218 92 7058964
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
; http://tohamh.googlepages.com/ ; www.somewhereinblog.net/toha_mhblog
সংযোজন : আপডেট – এই একই পদ্ধতি অনুসরণ করে যেসব ওয়েব সাইটে রাইট ক্লিক ডিজ্যাবল করে রাখা হয়, অর্থাত্ যেসব ওয়েব সাইটে রাইট ক্লিক করতে গেলেই অনাকাঙ্খিত কোন বার্তা আসে এবং এর ফলে ঐ সকল ওয়েব সাইটের কোন ছবি স্বাভাবিক উপায়ে সেভ করা যায় না, Temporary Internet Files ফোল্ডার থেকে খুব সহজেই সেসব ছবি খুজে কপি করে নেওয়া যায়।
|