|
Send To মেনুর কারসাজি - ফাইল কপি হবে অনেক সহজে
মোজাম্মেল হোসেন ত্বোহা
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে খুব সহজেই যেকোন ফাইল বা ফোল্ডারের রাইট ক্লিক মেনু থেকে Send To > Desktop (creat shortcut) এ ক্লিক করে ঐ ফাইল বা ফোল্ডারটির একটি শর্টকাট ডেস্কটপে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু অনেক সময়ই আমাদের শুধু শর্টকাট নয় পুরো ফাইল বা ফোল্ডারের একটি কপি দ্রুত ডেস্কটপে বা অন্য কোন ফোল্ডারে প্রেরণ করার প্রয়োজন হয়ে পড়ে। স্বাভাবিক ভাবে এটা করা সম্ভব না হলেও Send To মেনু এডিট করার মাধ্যমে আপনি খুব সহজেই এটা করতে পারেন।
Send To মেনু এডিট করার জন্য প্রথমে C:\Documents and Settings\Mozammel Hosain Toha\SendTo ওপেন করুন। এখানে Mozammel Hosain Toha এর পরিবর্তে অবশ্যই আপনাকে আপনার ইউজার নেম লিখতে হবে। আর SendTo ফোল্ডারটি সাধারণত হিডন থাকে। কাজেই এ ক্ষেত্রে আপনাকে প্রথমে Tools > Folder Options এ গিয়ে হিডেন ফাইল-ফোল্ডারগুলো প্রদর্শন করে নিতে হতে পারে।
এবার C:\Documents and Settings\Mozammel Hosain Toha থেকে Desktop ফোল্ডারটি কপি করে এর একটি শর্টকাট SendTo ফোল্ডারে পেস্ট করুন। ব্যাস - হয়ে গেল। এবার যেকোন ফাইল বা ফোল্ডারে রাইট ক্লিক করে সেখান থেকে Send To > Desktop এ ক্লিক করুন - দেখবেন শর্টকাট নয়; ঐ ফাইল বা ফোল্ডারটির একটি কপিই ডেস্কটপে জমা হয়ে গেছে। আর শুধু ডেস্কটপ কেন, SendTo ফোল্ডারে আপনি যে ফোল্ডারের শর্টকাট রাখবেন, সে ফোল্ডারেই এভাবে দ্রুত ফাইল-ফোল্ডারের কপি প্রেরণ করা সম্ভব হবে।
পদ্ধতিটা আপনার কিরকম উপকারে আসতে পারে, তার একটা উদাহরণ দেই। মনে করুন আপনি ইন্টারনেট থেকে দশজন শিল্পীর মোট পঞ্চাশটি গানের এমপিথ্রি ফাইল ফ্ল্যাশ মেমরীতে করে নিয়ে এসেছেন। এখন এই ফাইলগুলো আপনি আপনার কম্পিউটারে শিল্পীদের নাম অনুযায়ী কপি করে রাখতে চান। মনে করুন আপনার কম্পিউটারে আগে থেকেই এসব শিল্পীর প্রত্যেকের নামে একটি করে ফোল্ডার তৈরি করা আছে। এখন আপনাকে এই গানগুলো স্বাভাবিক ভাবে কপি করতে হলে প্রতিবারে কয়েকটি করে ফাইল কপি করে দশবার দশটি ফোল্ডার ওপেন করে সেখানে পেস্ট করতে হবে। অথচ আপনার SendTo ফোল্ডারে যদি আগে থেকেই এই দশটি ফোল্ডারের শর্টকাট কপি করা থাকত, তাহলে ফাইলগুলোকে সিলেক্ট করে শুধু দশবার Send To মেনু থেকে প্রয়োজনীয় ফোল্ডার গুলোর উপর ক্লিক করলেই চলত - প্রতিটা ফোল্ডার ওপেন করে বারবার কপি এবং পেস্ট এর ঝামেলায় যেতে হত না।
কিন্তু SendTo ফোল্ডারে আগে থেকেই হাজারখানেক ফোল্ডারের শর্টকাট রেখে দেওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। সেক্ষেত্রে আপনি যেই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। সেটা হচ্ছে SendTo ফোল্ডারটির অভ্যন্তরে এর নিজেরই একটা শর্টকাট রেখে দিতে পারেন। এবার যখন উপরের শিল্পীদের ফোল্ডারের মতো কয়েকটি ফোল্ডারে বারবার বিভিন্ন ফাইল কপি করার দরকার হবে, তখন প্রথমেই সেই ফোল্ডারগুলোর একটা করে শর্টকাট ডেস্কটপে পাঠিয়ে দিবেন। তারপর সেই শর্টকাট গুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক মেনু থেকে Send To > SendTo তে ক্লিক করবেন। এরফলে ঐ ফোল্ডারগুলোর শর্টকাটগুলো SendTo ফোল্ডারে স্থান পাবে এবং রাইট ক্লিক মেনুর Send To আইটেমে সেগুলোর নাম দেখা যাবে। এবার Send To মেনু থেকেই যতখুশি ফাইল বা ফোল্ডার ঐ ফোল্ডারগুলো কপি করতে থাকুন জায়গায় বসেই।
Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
; http://tohamh.googlepages.com ; www.somewhereinblog.net/blog/toha_mhblog
|