|
অফলাইন ব্রাউজিং টিপস - সাশ্রয় করুন অর্থ, সময় ও মেমরী - দ্বিতীয় পর্ব
মোজাম্মেল হোসেন ত্বোহা
প্রথম পর্বে আমি ইন্টারনেট থেকে কিভাবে কোন ওয়েবসাইটের ওয়েবপেজ সমূহকে অত্যন্ত দ্রুততার সাথে অত্যন্ত কম সাইজ বিশিষ্ট ফাইল হিসেবে সেভ করা যায় এবং এরপর অফলাইনে বসে প্রায় নিখুঁতভাবে সেগুলোকে পড়া যায় সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করেছিলাম। কিন্তু প্রথম পর্বের পদ্ধতি ব্যবহার করে একাধিক ওয়েবসাইটের ফাইলসমূহকে সেভ করে অফলাইনে পড়তে গেলে কিছু সমস্যা হতে পারে। এ পর্বে সেই সমস্যা এবং তার সমাধান বিস্তারিতভাবে বর্ণনা করা হল। আপনি যদি প্রথম পর্ব না পড়ে থাকেন, তাহলে এটা বুঝতে অসুবিধা হতে পারে৷ তাই এটা পড়ার আগে অনুগ্রহ করে http://tohamh.50webs.com/Tips_Special/Offline_browsing_tips_save_time&money_01.html লিংক থেকে প্রথম পর্বটি পড়ে নিন৷
মনে করুন প্রথম পর্বে বর্ণিত পদ্ধতিতে আপনি প্রথম আলোর জন্য আপনার কম্পিউটারের C: ড্রাইভে imgs নামে নতুন একটি ফোল্ডার তৈরি করে তাতে প্রথম আলোর ওয়েবসাইটের কমন ছবিগুলো সেভ করলেন। এরফলে আপনি প্রথম আলোর ওয়েবপেজগুলোকে HTML only হিসেবে দ্রুততার সাথে সেভ করেও সেগুলো থেকে প্রায় কমপ্লিট ওয়েব পেজের মতোই সুবিধা আদায় করে নিতে পারছেন। কিন্তু এখন আপনি যদি প্রথম আলো ছাড়া আরও একটি ওয়েবসাইটের ফাইলগুলোকে এই পদ্ধতিতে সেভ করতে চান এবং যদি দুর্ভাগ্যবশত সেই সাইটের ছবিগুলোকেও C: ড্রাইভের imgs ফোল্ডারে স্থান দিতে হয়, তখন?
সেক্ষেত্রে এই সম্ভাবনাটা খুবই বেশি যে, দুটি সাইটেরই কিছু কিছু ছবির নাম একই হবে এবং ফলে একটা অন্যটার সাথে মিসম্যাচ করবে। যেমন যদি ঐ ওয়েবসাইটটির লগোটার নামও প্রথম আলোর মতো palo_logo.gif হয় (যদিও এই সম্ভাবনা অনেকটা কম) তাহলে আপনার পক্ষে যেহেতু একই ফোল্ডারে একই নামে দুটো ফাইল রাখা সম্ভব হবে না, তাই আপনি যখন ঐ সাইটের সেভ করা html ফাইলগুলো অফলাইনে চালু করবেন, তখন তার লগোর জায়গায় প্রথম আলোর লগোটাই দেখতে পাবেন।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটাই পদ্ধতি আছে। আর তা হল সেভ করা html ফাইলগুলোর সোর্স এডিট করে ছবিগুলোর পাথ পরিবর্তন করে দেওয়া। মনে করুন আপনি প্রথম আলোর ছবিগুলোর জন্য C:/imgs/ এর পরিবর্তে C:/prothom-alo-imgs/ পাথটি নির্ধারণ করে দিতে চান। তাহলে আপনাকে প্রথম আলো থেকে সেভ করা প্রতিটি html ফাইলকে নোটপ্যাড ফাইল হিসেবে চালু করে প্রতিটি C:/imgs/ কে C:/prothom-alo-imgs/ দ্বারা প্রতিস্থাপন করতে হবে। এভাবে আপনি যদি প্রতিটা ওয়েবসাইটের ফাইলগুলোর ছবির জন্য সেই ওয়েবসাইটের নাম সম্বলিত ফোল্ডার নির্ধারণ করে দেন, তা হলে একটার ফাইল অন্যটার সাথে আর মিসম্যাচ করবে না এবং ফলে আপনি নির্বিঘ্নে প্রতিটা সাইটের ফাইল সুন্দরভাবে দেখতে পারবেন।
তবে আপনি যদি ফাইন্ড-রিপ্লেসের এই কাজটা ম্যানুয়ালি করতে যান তাহলেই সেরেছে। একটা ফাইলের জন্যই যেখানে বিশ-ত্রিশ সেকেন্ড সময় লেগে যাবে, সেখানে আপনাকে যদি বিশ-ত্রিশটা ফাইলের পাথ পরিবর্তন করতে হয়, তাহলে? চিন্তার কোন কারণ নেই। এই চূড়ান্ত রকমের বিরক্তিকর কাজটা আর আপনাকে করতে হবে না যদি আপনি আমার তৈরি সম্মিলিত বর্ণ প্রতিস্থাপক সফটওয়্যারটা ব্যবহার করেন। এই সফটওয়্যার চালু করে শুধু ফাইলগুলোকে সিলেক্ট করে C:/imgs/ এবং C:/prothom-alo-imgs/ শব্দদুটো লিখে রিপ্লেস বাটনে ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবে সবগুলো ফাইলের পাথ পরিবর্তিত হয়ে যাবে। সম্মিলিত বর্ণ প্রতিস্থাপক সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন http://tohamh.50webs.com/Software_Toha/Batch_character_replacement.html লিংক থেকে এবং সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন http://www.esnips.com/web/TohaBanglaUniPro লিংক থেকে।
Mozammel Hosain Toha
Sirte - Libya
Mobile No: +218 92 7058964
স্প্যামবটের হাত থেকে এই ইমেল ঠিকানা সুরক্ষিত আছে। পড়ার জন্যে জাভাস্ক্রিপ্ট অন করুন।
; http://tohamh.googlepages.com
|